চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সেবিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে।
চমেক হাসপাতালের ইউরোলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে এ অভিযোগ এনে নগরীর পাঁচলাইশ থানায় শুক্রবার বিকালে মামলা করেন ওই সেবিকার ছোট বোন।
ওই চিকিৎসক নগরীর প্রবর্তক স্কুলের বিপরীতে ‘চিটাগাং ইউরোলজী সেন্টার’ নামে একটি বেসরকারি ক্লিনিকের মালিক।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকে এই ক্লিনিকে ওই সেবিকার থাকার কক্ষে ডা. জাহাঙ্গীর তাকে ধর্ষণের চেষ্টা চালান বলে থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরো বলা হয়, ব্যর্থ হয়ে তিনি ওই সেবিকাকে মারাত্মকভাবে জখমও করেন। পরে সারা রাত তাকে ওই কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য আনুমানিক ২৭ বছর বয়সী ওই সেবিকার বাড়ি রাঙামাটি জেলার বাঘাইছড়িতে।
ঘটনার শিকার সেবিকা শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চিটাগাং ইউরোলজী সেন্টারে তিন বছরের বেশি সময় ধরে তিনি কাজ করছেন। পাঁচ মাস ধরে বিভিন্ন সময় ডা. জাহাঙ্গীর তাকে ‘আপত্তিকর’ প্রস্তাব দিয়ে আসছিলেন।
তিনি অভিযোগ করেন, এর পর তিনি এই চাকরি [ডা. জাহাঙ্গীরের ক্লিনিকের চাকরি] ছেড়ে দিয়ে চলে যেতে চাইলেও তাকে জোরপূর্বক কাজ করাতে বাধ্য করেন এই চিকিৎসক।
সেবিকা আরো বলেন, “বৃহস্পতিবার দিনের ডিউটি শেষ করে রাত ১০ টার দিকে ওই ক্লিনিকে আমার থাকার কক্ষে ঘুমাতে যাই। এর পর রাত ১১ টার দিকে ডা. জাহাঙ্গীর আরেক সেবিকাকে দিয়ে আমাকে তার কক্ষে ডেকে পাঠান।
“আমি ডা. জাহাঙ্গীরের উদ্দেশ্য বুঝতে পেরে তার কক্ষে না যাওয়ায় তিনি নিজেই আমার কক্ষে এসে আমার দেহের স্পর্শকাতর বিভিন্ন স্থান স্পর্শ করেন ও আমার মাথার চুল টেনে ছিড়ে ফেলেন। শারীরিকভাবে লাঞ্ছিত করে আমাকে আহতও করেন।”
এর আগে আরো অনেক সেবিকাকে বিভিন্ন সময় এই চিকিৎসক ধর্ষণের চেষ্টা করেন। এর ফলে অনেকেই চাকরি ছেড়ে চলে যান বলে দাবি করেন তিনি।
পরে খবর পেয়ে শুক্রবার সকালের দিকে পাঁচলাইশ থানা পুলিশ ওই সেবিকাকে উদ্ধার করে।
নাম প্রকাশে অনেচ্ছুক ওই ইউরোলজী সেন্টারের এক কর্মী জানান, ডা. জাহাঙ্গীর প্রায়ই অনেক সেবিকার ওপর বিভিন্ন সময় এ ধরনের অত্যাচার চালিয়েছেন। কেউ কেউ সহ্য করলেও আবার অনেকে সহ্য করতে না পেরে চাকরি ছেড়ে চলে গেছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ইউরোলজী সেন্টার থেকে সকালে সেবিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
ওই সেবিকাকে র্ধষণ চেষ্টার অভিযোগে ডা. জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে সেবিকার ছোট বোন বাদী হয়ে একটি মামলা করেছেন বলে ওসি জানান।
এ বিষয়ে ডা. জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে কথা বলতে চিটাগাং ইউরোলজী সেন্টারে গেলে সাংবাদিক এসেছে শুনে তিনি কথা বলতে রাজি হননি। পরে অবশ্য টেলিফোনে ডা. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ‘মিথ্যা’ বলে দাবি করেন।
তিনি আরো বলেন, “আমি তাদেরকে নার্সিং শেখানোর জন্য সব সময় চেষ্টা করে আসছি। মেয়েটি [অভিযোগকারী সেবিকা] বেয়াদব ও কাজে মনোযোগী ছিল না। বৃহস্পতিবার রাতে মেয়েটি দু’টি অপারেশনেও ছিল না।”
সেবিকাকে ‘ধর্ষণের চেষ্টার’ অভিযোগ সম্পর্কে টেলিফোনে জানতে চাইলে তিনি বলেন, “প্রশ্নই ওঠে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২২২২ ঘ.
bdnews24