নেত্রকোনা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদরে ‘মানসিক রোগীর’ লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কাজীর আমাটি গ্রামে শুক্রবার সকালে এ দুর্ঘটনায় নিহত হন হাজী মঈন উদ্দিন (৪৫)। তিনি ষাটকাহন গ্রামের বাসিন্দা।
কাজীর আমাটি গ্রামে তিনি শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো-শ্যালক ‘মানসিক রোগী’ খায়রুলকে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে লক্ষ্মীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, মঈন উদ্দিন সকালে পাশের কাজির আমাটি গ্রামে শ্বশুর ওয়াজ উদ্দিনের বাড়িতে বেড়াতে যান।
বেলা সাড়ে ১১টার দিকে ফিরে আসার সময় খাইরুল লাঠি নিয়ে পিছন থেকে মঈন উদ্দিনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ইউপি সদস্য।
নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকমকে বলেন, খায়রুল মানসিক রোগী। তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৩৩ ঘ.
bdnews24