সাইফুল আলম বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
পঞ্চগড়, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বাধার সৃষ্টি করায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণের কাজ এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।
মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভারতমুখী দেয়ালের দোতলায় জানালা থাকায় বিএসএফ দ্বিতীয় দফায় নির্মাণ কাজ বন্ধ করতে চাপ দেয় বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
গত বছরের ৭ ডিসেম্বর স্কুলটির দোতলা ভবন নির্মাণের সময় বিএসএফ আপত্তি জানিয়ে কাজ বন্ধ করতে বলে। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। বিএসএফ এর সম্মতি নিয়ে স্কুল কর্তৃপক্ষ কাজ শুরু করলে গত ৭ জুলাই তারা পুনরায় নির্মাণ কাজ বন্ধ করে দিতে বলে।
বিজিবির পঞ্চগড়- ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএসএফের দাবি ছিল দোতলা ভবনের ভারতমুখী দেয়ালের অংশে দরজা-জানালা করা যাবে না। কিন্তু দেয়ালে জানালার কাজ শুরু করা হলে বিএসএফ আপত্তি তুলে কাজ বন্ধ করে দেয়।”
খুব শিগগিরই বিএসএফের সঙ্গে আলোচনা করে নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হবে বলে আশা প্রকাশ করেন লেফটেন্যান্ট কর্নেল জাকির হোসেন ।
মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের ১৪ নভেম্বর স্কুলটির দোতলা ভবনের তিনটি ক্লাস রুম ও সিঁড়ি নির্মাণের কাজ শুরু হয়। ৬ ডিসেম্বর পর্যন্ত সিঁড়ির অর্ধেক কাজ ও ভবনের ছাদের পিলার নির্মাণের কাজ শেষ হয়।
“৭ ডিসেম্বর মণ্ডলপাড়ার বিপরীতে বিএসএফ ক্যাম্পের সদস্যরা এসে সীমান্তের দেড়শ’ গজের মধ্যে কাজ হচ্ছে জানিয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেয়,” বলেন আশরাফুল।
তিনি আরো বলেন, এরপর এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক হয়। বিএসএফের সম্মতিতে এ বছরের ১৬ মার্চ পুনরায় ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয় ১৯৫৬ সালে। এর আগে বিদ্যালয়টির একতলা ভবনের কাজ সম্পন্ন হয়। বিভিন্ন সময়ে পুরাতন ভবনের সংস্কার কাজও হয়। তখন বিএসএফ কোনো বাধা দেয়নি বলে জানায় স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন নির্মাণের কাজ বিলম্বিত হওয়ায় শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তাদেরকে অনেক সময় ক্লাস রুমের অভাবে খোলা আকাশের নীচে পড়াশোনা করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24