২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিস্তা নিয়ে বাংলাদেশ আশা ছাড়েনি’

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বাংলাদেশ এখানো আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 11:40 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম)-তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে বাংলাদেশ এখানো আশাবাদী বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস। শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এখনো চুক্তি করতে পারিনি। ভারতও এ বিষয়ে বিব্রত। তবে আমরা যদি এখনই ‘শেষ’ বলে দেই, সেটা ঠিক হবে না।” গত বছর সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। এ নিয়ে ভারত দুঃখও প্রকাশ করে। আগামী ২৪ জুলাই দিল্লীতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে তিস্তা চুক্তি এবং দুই দেশের স্থল সীমান্ত চুক্তি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। মিজারুল কায়েস বলেন, ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে অনেক সমস্যা থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে। সদ্য বিদায়ী ২০১১-১২ অর্থবছরে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো ১০০ কোটি ডলারে ঘর অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। একই বছরে ভারত বাংলাদেশে সাড়ে ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/এসএসজেড/জেকে/১৭৩৫ ঘ.