ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) বিশ্বের ৯৫০টি ইপিজেডের মধ্যে নবম হওয়ায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মনে করে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)।
বেপজার সদস্য মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্বের ইপিজেডগুলোর ওপর লন্ডনভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের সাময়িকী এফডিআইয়ের করা জরিপে অংশ নেয় বাংলাদেশও। পাঁচ-ছয়টি মানদণ্ডে মূল্যায়িত হওয়ার পর গত জুনে সিইপিজেড নবম স্থান পায়।
এতে বাংলাদেশের বাণিজ্যিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে বলে উল্লেখ কওে তিনি বলেন, “এটা বিশ্বের বিনিয়োগকারীদের একটা সবুজ সংকেত দেবে যে, বাংলাদেশ ব্যবসায়ের জন্য ভাল জায়গা।”
১৯৮৪ সালে দেশে সর্বপ্রথম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল হিসেবে সিইপিজেড স্থাপিত হয়। এখানে ৪৫৩ একর জমিতে ৫০২টি প্লট রয়েছে।
এখানকার ১৬৭টি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টি সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন, ২৬টি যৌথ মালিকানাধীন এবং ৫৬টি বাংলাদেশি মালিকাধীন।
সিইপিজেড ইতিমধ্যেই ৯৬ কোটি ডলারের বিনিয়োগ হয়েছে এবং এক লাখ ৭৬ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
২০১০-১১ অর্থবছরে সিইপিজেডে অবস্থিত কোম্পানিগুলো ১৭৭ কোটি ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৮০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করে।
মাহবুবুর রহমান বলেন, বর্তমানে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে কোনো প্লট খালি নেই। তবে মংলা, নীলফামারীর উত্তরা ও ঈশ্বরদীতে কিছু প্লট খালি পড়ে আছে।
তিনি আরো বলেন, “সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে। আগ্রহী বিনিয়োগকারীরা এসব অঞ্চলে তাদের কারখানা স্থাপন করতে পারবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/এসইউ/১৬৫৪ ঘ.
bdnews24