২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দূর্গাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি আব্দুল কাদের জানান, শুক্রবার সকাল ৭টার দিকে দূর্গাপুর গ্রামের মোল্লাবাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে তিন ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল ছুঁড়ে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানায়, স্থানীয় দুই প্রভাবশালী পরিবার মোল্লাবাড়ি ও মুন্সিবাড়ির লোকজনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। স্কুলের নতুন পরিচালনা কমিটিতে কাদের মনোনয়ন দেওয়া হবে তা নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের দুই মধ্যে কথাকাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। টানা তিন ঘণ্টা সংঘর্ষের সময় দূর্গাপুর এলাকার ৮টি দোকান ও ২৫টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। আহত হয় উভয়পক্ষের অন্তত ৫০ জন। আহতদের মধ্যে মন মিয়া (৩৯) ও শামিম মিয়া (২৫) নামের দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে ওসি আব্দুল কাদের জানান। এছাড়া রিয়াউল ইসলাম (২৫), মাসুম মিয়া (২০), জুয়েল মিয়া (২২), মতিন সরকার (২০), জাকির হোসেন (২৪), বোরহান মিয়া (২৮), খাদেম হোসেন (২২), ওসমান গনি (১৮), মানিক মিয়া (২২), ইলিয়াস আলী (২০) ও জলিল মিয়াকে (২০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলডিসি/জেকে/১৫৩০ ঘ.