২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিএস লেপচা মাঝপথে অচল, ৮শ’ যাত্রীর ভোগান্তি

ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্টিমার পিএস লেপচার সাড়ে তিন শতাধিক যাত্রীকে বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা মাঝনদীতে আটকে থাকতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 06:28 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

বরিশাল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) স্টিমার পিএস লেপচার সাড়ে তিন শতাধিক যাত্রীকে বৃহস্পতিবার রাতে প্রায় চার ঘণ্টা মাঝনদীতে আটকে থাকতে হয়। বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই অংশে পৌঁছানোর পর এই স্টিমারের প্রধান ইঞ্জিনের ব্যাবেল গিয়ার ভেঙে যায়। পরে দুটি স্টিমার ও লঞ্চে করে যাত্রীদের সরিয়ে আনা হয়। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় বাগেরহাটের মোড়েলগঞ্জ থেকে রওনা হয়ে বিকালে বরিশালে পৌঁছায় পিএস লেপচা। এরপর ৭৯০ জন যাত্রী নিয়ে রাত পৌনে ৮টার দিকে ঢাকার উদ্দেশ্যে বরিশাল নৌ-বন্দর ত্যাগ করে স্টিমারটি। এর এক ঘণ্টার মাথায় স্টিমারের প্রধান ইঞ্জিনের ব্যাবেল গিয়ার ভেঙে গেলে মাঝনদীতে আটকে পড়ে নৌযানটি। দীর্ঘক্ষণ চেষ্টা করেও গিয়ার মেরামত না হওয়ায় অনিশ্চয়তায় পড়েন প্রায় আটশ যাত্রী। এই পরিস্থিতিতে বরিশাল থেকে এসটি খিজির-৮ নামের নৌযানে করে রাত ১টার দিকে ৩৩০ জনকে লেপচা থেকে বরিশাল নৌ-বন্দরে নিয়ে আসা হয়। এছাড়া বরগুনা থেকে ঢাকাগামী লঞ্জ এমভি যুবরাজে উঠে যান আরো ৪ শ’ যাত্রী। লেপচার বাকি ৬০ জন যাত্রীকে ঢাকা থেকে বরিশালগামী পিএস অষ্ট্রিচে করে নিয়ে আসার ব্যবস্থা হয় বলে গোপাল চন্দ্র মজুমদার জানান। তিনি বলেন, শুক্রবার আরেকটি নৌযানের সাহায্যে লেপচাকে টেনে নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নেওয়া হবে। সেখানে সেটি মেরামত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২২৫ ঘ.