ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে শোনা গেলেও কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করতে পারেনি। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
জয়দেবপুর রেল জংশনের মাস্টর জিয়াউদ্দিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি বাগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভঅবে এর কারণ জানা যায়নি।
“এর ফলে ঢাকা ও ময়মনসিংহ এবং ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী আন্তনগর ট্রেন একতা, যমুনাসহ পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে”, বলেন তিনি।
জিয়াউদ্দিন সরদার বলেন, এ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
“শুনেছি লাশটি ইঞ্জিনের নিচে চাপা পড়ে আছে। উদ্ধার কাজ না এগোলে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রেল কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে ঢালে পড়ে যায়। ফলে ১৩টি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়। বেশ খানিকটা এলাকার লাইনও উপড়ে যায়।
রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মে. শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থলের যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১০২ ঘ.
bdnews24