ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে নির্মাণাধীন একটি ভবনের ১২ তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার এই দুর্ঘটনায় আরো একজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহতদরে মধ্যে একজন রাজমিস্ত্রি, তার নাম শমসের আলী (২৫)। নিহত অন্যজন মসিউর রহমান (২০)। আহতের নাম আনোয়ারুল (১৬)। এই দুজন শমসেরের সহকারী।
ভাষানটেক থানার ওসি মো. মুমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মইনুল সড়কে নির্মাণাধীন ভবনের ১২ তলার মাচা ভেঙে তিনজনই পড়ে যান। তারা মাচায় বসে বাইরের দিকে আস্তর বসাচ্ছিলেন।
তিনজনকে অন্য শ্রমিকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মসিউর ও শমসেরকে মৃত ঘোষণা করেন।
আহত আনোয়ারুলের হাত ও পা ভেঙে গেছে বলে জানান ওসি।
মইনুল সড়কের যে স্থানটিতে ভবন হচ্ছে, তা এক সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবাস ছিল। আইনি লড়াইয়ে হেরে আড়াই বছর আগে তাকে ওই বাড়ি ছাড়তে হয়। বাড়িটি ভেঙে এখন সেখানে বহুতল ভবন হচ্ছে।
ইট পড়ে পোশাক শ্রমিক নিহত
মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে মাথায় ইট পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহত জয়নাল আবেদীন (৩৫) ঢাকা উদ্যানের পাশে ‘ফোর ব্রাদার্স গার্মেন্টে’ এ কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে ওই ভবন থেকে একটি ইট পড়ে তিনি মারা যান বলে পুলিশ জানিয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়নাল দুপুরে কারখানায় ঢোকার মুহূর্তে ছয়তলা থেকে একটি ইট তার মাথায় ওপর পড়ে।
সহকর্মীরা জয়নালকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। বিকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
জয়নালের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি স্ত্রীকে নিয়ে আদাবরে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২০ ঘ.
bdnews24