২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাম্মেলকে তলবের আদেশ স্থগিত আপিল বিভাগে

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হককে তলবের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর অপসারণ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হককে তলবের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তলবের আদেশ স্থগিত করে ১৯ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আদালতে মোজাম্মেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদি, সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম প্রমুখ। গত ৫ জুন বঙ্গভবনে জমা দেওয়া ওই আবেদনে সুুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক অভিযোগ করেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী তাকে আদালতে বানরের সঙ্গে তুলনা করে দুর্ব্যবহার করেছেন। মোজাম্মেল আবেদনে বলেন, “এমতাবস্থায় কী কারণে তিনি আমাকে অকারণে আদালতে অহেতুক হেয় প্রতিপন্ন করেছেন তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।” ‘আইনের শাসন, সুশাসন, বিচার বিভাগের ভাবমূর্তি এবং সংবিধানকে সমুন্নত রাখার’ লক্ষ্যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্যও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন মোজাম্মেল। এই আবেদনের পর গত ১২ জুন দেওয়া এক আদেশে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর একক বেঞ্চ মোজাম্মেল হককে তলব করে। আদেশে ১৫ জুলাই তাকে আদালতে হাজির হয়ে রাষ্ট্রপতির কাছে আবেদনের কারণ ব্যাখ্যা করতে বলা হয়। বিচারপতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার মাধ্যমে আদালতের মর্যাদা, পবিত্রতা ও কর্তৃত্ব ক্ষুণœ করার কারণে আদালত অবমাননার অভিযোগে মোজাম্মেলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বার কাউন্সিলকে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী আদেশে বলেন, পত্র পত্রিকায় প্রকাশিত খবরে জানা গেছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে একটি আবেদন করা হয়েছে। ওই আবেদনের বক্তব্য আদালত অবমাননাকর। আবেদনটি পত্র পত্রিকায় প্রকাশ করে মোজাম্মেল হক আদালতের মর্যাদা ও পবিত্রতা ক্ষুণœ করেছেন। আওয়ামী লীগের বিগত সরকারের সময়ে ২০০১ সালের ২৫ জুলাই হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ার পর দুই বছর দায়িত্ব পালন করেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। কিন্তু পরের বিএনপি সরকার তাকে স্থায়ী করেনি। দীর্ঘদিন পরে মহাজোট সরকার ক্ষমতায় আসলে ২০০৯ সালের ২৫ মার্চ তিনি হাইকোর্টে স্থায়ী নিয়োগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/২১১৭ ঘ.