২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ: পরিস্থিতি সামলে নিতে ডিসিদের পরামর্শ

চাহিদা ও যোগানের ফারাক থাকায় বিদ্যুতের বর্তমান উৎপাদন দিয়ে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা ও যোগানের ফারাক থাকায় বিদ্যুতের বর্তমান উৎপাদন দিয়ে পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসকরা বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জনগণের সন্তোষের কথাই তুলে ধরেছেন জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের দিক-নির্দেশনা পান জেলায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে জেলা প্রশাসকদের বলা হয়েছে। তৌফিক-ই ইলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, “আমরা জানি বিদ্যুতের বর্তমান যে অবস্থা রয়েছে, তাতে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমাদের যে সরবরাহ এবং চাহিদা রয়েছে, তাতে সন্তুষ্ট হওয়া কি সম্ভব? “আমি বা আপনি কেউ সন্তুষ্ট নই। তবে আমাদের যা আছে তাই ব্যবস্থাপনার মাধ্যমে কাজ চালিয়ে যেতে হবে,” বলেন তিনি। তৌফিক-ই ইলাহী বলেন, “বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে জনগণ সন্তুষ্ট বলে ডিসিরা জানিয়েছেন। সেচ মৌসুমেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি।” বর্তমান সরকারের তিন বছরে তিন হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলেও চাহিদা পূরণ না হওয়ায় লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক গত ২ জুন সংসদে জানিয়েছেন, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট। মূল চাহিদা সাড়ে ৭ হাজার মেগাওয়াট হলেও ‘ডিমান্ড সাইজ ম্যানেজমেন্ট’র মাধ্যমে তা ৬ হাজার ৬০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে বলেও জানান তিনি। তৌফিক-ই ইলাহী বলেন, ডিসিরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। রোজায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তাদের সহায়তা চাওয়া হয়। যাতে ইফতার ও সেহরির সময় মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায়। বিদ্যুতের দাম বাড়ালে জনঅসন্তোষ দেখা দেবে বলে যে আশঙ্কা বিভিন্ন মহল থেকে করা হচ্ছে, তা নাকচ করেছেন উপদেষ্টা। তিনি বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধি কোনো সমস্যা নয় বলে ডিসিরা বলেছেন। বরং তারা বলেছেন, মানুষ ঠিকমতো বিদ্যুৎ চায়। যাদের বিদ্যুৎ আছে, তারাই দাম নিয়ে কথা বলেন। যাদের নেই, তারা দামের চেয়ে আগে বিদ্যুৎ চায়।” জেলা প্রশাসকরা বিদ্যুতের পুরনো সরবরাহ লাইন এবং উপ-কেন্দ্রগুলোর সক্ষমতা না থাকাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। “আমরা বলেছি, আমরা বিতরণ ব্যবস্থার উন্নয়নকে জোর দিতে চাই। যেন উৎপাদন বাড়লে সরবরাহে কোনো সমস্যা না হয়,” বলেন তৌফিক ইলাহী। মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক এবং সচিব আবুল কালাম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২১০০ ঘ.