ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা অসন্তোষের মধ্যে শিক্ষকদের গণ পদত্যাগের পরদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বুয়েট সিন্ডিকেটের একটি প্রতিনিধি দল, এতে উপাচার্য ও উপউপাচার্যও ছিলেন।
প্রধানমন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান উপাচার্য এস এম নজরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্যের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাড়ি গণভবনে যায়।
এই প্রতিনিধি দলে সিন্ডিকেটের আটজন সদস্য ছিলেন। তারা আধা ঘণ্টা গণভবনে ছিলেন।
শেখ হাসিনা তাদের কাছে বুয়েটের সার্বিক পরিস্থিতি শুনেছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লালদেব।
তিনি সাংবাদিকদের বলেন, “তারা সার্বিক পরিস্থিতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে তাদের কথা শুনেছেন।”
শিক্ষকরা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে আসা উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। ক্যাম্পাসে কীভাবে কাজ করছি, তাও বলেছি। প্রধানমন্ত্রী সব শুনে শিক্ষকদের সঙ্গে আলোচনা চালাতে বলেছেন।”
প্রধানমন্ত্রী কোনো সিদ্ধান্ত দিয়েছেন কি না- জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী সব শুনেছেন। পরে হয়ত সিদ্ধান্ত দেবেন।”
অনিয়মের অভিযোগ তুলে শিক্ষক-শিক্ষার্থীরা পদত্যাগের দাবি করে এলেও উপাচার্য সকালেও বলেন, ‘অনৈতিক’ কোনো দাবির পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করবেন না।
আন্দোলনের মধ্যেই উপাচার্য মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনেন। তবে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার মধ্যে বুধবার বুয়েট সিন্ডিকেট উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করার সিদ্ধান্ত নেয়। তাও প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
‘লাগাতার অবস্থান ধর্মঘটের’ দ্বিতীয় দিন বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, “উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও যোগ দিয়েছেন। এই অবস্থায় তার অপসারণের জন্য বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।”
“আর তদন্ত যদি হয়ও, তা হতে হবে তারা পদ থেকে সরে যাওয়ার পর। কেননা উপাচার্য ও সহ-উপাচার্যই নিজেরা তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা সিন্ডিকেটকে জানিয়েছেন”, যোগ করেন এই শিক্ষক নেতা।
বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে শামিয়ানা টাঙিয়ে তার নিচে চলতে থাকে বক্তৃতা, প্রতিবাদী গান ও আবৃত্তি।
তবে দুপুরে নিজ বাসভবনে উপাচার্য সাংবাদিকদের বলেন, “আমি আগেও বলেছি, এখনো বলছি- অনৈতিকভাবে আমি পদত্যাগ করবো না। নৈতিকভাবে আমার বিরুদ্ধে কেনো অভিযোগ নেই। অভিযোগ এলেই কেবল আমি পদত্যাগ করতে পারি।”
একদিন আগেও তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি বললেই কেবল তিনি পদত্যাগ করবেন।
উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি এর আগে গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এরপর প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে সমিতি আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে।
তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা। এরপর তারা ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতির কর্মসূচির হুমকি দিলে ১১ জুলাই থেকে ছুটি ঘোষণা করেন উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউএম/এমআই/১৯৩৫ ঘ.
bdnews24