ভোলা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার সংঘবদ্ধ একটি জলদস্যু দলের প্রধান মানিককে (৩৫) গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড ।
ডাকাতির একাধিক মামলার আসামি মানিককে বৃহস্পতিবার ভোরে নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ইশ্বর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয় বলে কোস্ট গার্ডের দক্ষিণ জোনের কর্মকর্তা দীপাঙ্কর রায় জানিয়েছেন।
মানিকের বাড়ি ওই ইউনিয়নে। তার বিরুদ্ধে হাতিয়া, নোয়াখালী, মনপুরা, চরফ্যাশন ও তজুমদ্দিন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
দীপাঙ্কর রায় সাংবাদিকদের বলেন, মানিকের বাড়ি ফেরার খবর পেয়ে কোস্ট গার্ডের দক্ষিন জোনের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মানিকের কাছে পাওয়া তথ্যে তার বাহিনীর অন্যদের এবং অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে কোস্ট গার্ড কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24