রাজশাহী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত শফিকুল ইসলাম (৩০) উপজেলার মুক্তারপুরের আব্দুস সালামের ছেলে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাওদাড়া পুলিশ ফাঁড়ির কাছে তাকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শফিকুলের বড় ভাই রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শফিকুল এবং মুক্তারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান সারদা বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নাওদাড়া পুলিশ ফাঁড়ির কাছাকাছি এলে কয়েকজন লোক তাদের পথ আটকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
“এ সময় হাবিবুর কৌশলে পালিয়ে গিয়ে লোকজন ডেকে আনে। পরে লোকজন এসে শফিকুলকে মৃত দেখতে পায়।”
চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান জানান, মুক্তারপুর বাজারে শফিকুলের একটি ছোট দোকান আছে।
পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় চারঘাট থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫১৩ ঘ.
bdnews24