ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অস্থিরতার জন্য ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষকদের ‘দলবাজি’কেও দুষলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
কলেজ-বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চার চেয়ে রাজনীতির চর্চা বেশি হচ্ছে- এমন মন্তব্য করে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “ছাত্ররা কেন, শিক্ষকরাও এখন দলীয় রাজনীতি করে।”
শিক্ষকদের উদ্দেশ্য করে কাদের বলেন, “দলকে সমর্থন করুন, কিন্তু দলবাজি কোনো শিক্ষক করলে সেখানে কোনো শৃঙ্খলা থাকে না।”
উপাচার্যবিরোধী আন্দোলনের কারণে বুয়েটে চলমান অচলাবস্থার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “সবকিছুতে রাজনীতি প্রবেশ করলে শেষ। রাজনীতি করেন; কিন্তু দলবাজি করলে বুয়েটের মতো অবস্থা হবে।”
“আজ শিক্ষাঙ্গণে যে অস্থিরতা এর বড় কারণ ছাত্ররাজনীতির অস্থিরতা। আর এ অস্থিরতা আরো বাড়ে যখন শিক্ষকরা দলবাজিতে জড়িয়ে পড়েন”, যোগ করেন তিনি।
এই প্রবণতা থেকে বেরিয়ে আসার জন্য ক্ষমতাসীন দলের এই নেতা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “আমি শিক্ষকদের কাছে অনুরোধ করব, কোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে কিন্তু দলবাজি করলে শিক্ষার যে লক্ষ্য সেটা পূরণ হবে না।”
আদালত, প্রশাসন, সাংবাদিকতাসহ সব ক্ষেত্রই এখন দলীয়করণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর বাড্ডায় ঢাকা ইমপিরিয়াল কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন ও নবাগত সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ মাহাফুজুল হক ও কলেজ গভর্নিং বডির সভাপতি ইসমত কাদীর গামা বক্তব্য রাখেন।
পদ্মা সেতু
পদ্মা সেতুকে ‘একটি দীর্ঘমেয়াদী প্রকল্প’ হিসাবে উল্লেখ করে কাদের বলেন, “প্রধানমন্ত্রী পরিকল্পিতভাবে যথাসময়ে এটা শুরু করার উদ্যোগ নেবেন।”
পদ্মা সেতু এ সরকারের আমলে শুরু হলেও শেষ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “আজ আমার অগ্রাধিকার হচ্ছে বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য সহনীয় রাখা। যানজট সহনীয় রাখা, দুর্ঘটনা কমিয়ে আনা।”
পদ্মা সেতু প্রসঙ্গ নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, “তারা সব কিছু বাদ দিয়ে পদ্মা পদ্মা বলে চিৎকার করছে। এই মুহূর্তে তো আর পদ্মা সেতু হয়ে যাচ্ছে না। আজ বিরোধী দলেরও অন্য কোনো এজেন্ডা নেই এই একটি ছাড়া।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24