ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা প্রশাসকদের ‘অপরাধ আমলে নেওয়ার’ এখতিয়ার এবং ‘সংক্ষিপ্ত বিচারিক আদালত’ পরিচালনার ক্ষমতা দিতে ফৌজদারী দণ্ডবিধি সংশোধনের দাবি নাকচ করে দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, “সংবিধান ও ফৌজদারি কার্যবিধির সর্বশেষ সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এতে বিচার বিভাগকেই বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এ অবস্থায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক ক্ষমতা দেওয়া সম্ভব নয়। এজন্য ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নেওয়া হলে তা সুপ্রিম কোর্টের আদেশের বত্যয় হবে।”
চলমান ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার আইন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্ধারিত কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারাও এ অধিবেশনে অংশ নেন।
শফিক আহমেদ বলেন, ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ইতোমধ্যে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষমতা আর বাড়ানো ‘কোনোভাবেই’ সম্ভব না।
জেলা প্রশাসকদের অভিযোগ ছিল, দায়িত্ব পালন করতে গিয়ে তাদের ‘কথায় কথায়’ আদালত অবমাননার অভিযোগের মুখে পড়তে হয়। এজন্য আইন সংশোধন করারও দাবি ছিল তাদের।
এ বিষয়ে আইনমন্ত্রী জানান, সংশ্লিষ্ট আইনটি সংশোধনের প্রস্তাব বর্তমানে সংসদীয় কমিটিতে রয়েছে। সংসদের আগামী অধিবেশনেই তা পাসের জন্য উপস্থাপন করা হবে।
তিনি জানান, খাসজমি সংক্রান্ত মামলার বিষয়ে সরকারি আইন কর্মকর্তাদের কাজ তদারকি এবং নথিপত্র দিয়ে তাদের সহায়তার করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি এসব জমি যাতে বেহাত না হয়, সেজন্যই এ নির্দেশনা।
“বিভিন্ন সময়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন বিষয়ে ডিসিদের প্রতি আদেশ দেওয়া হয়ে থাকে, যা অনেক সময় ঠিকমতো পালন করা হয় না। এসব আদেশ যাতে যথাযথভাবে পালন করা হয়, সে ব্যাপারে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।”
বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে বয়স ৬০ করার দাবি প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ বলেন, “দেশে বর্তমানে মৃত্যুহার কমছে। তাই বুড়োদের সংখ্যাও বাড়েছে। এ অবস্থায় বয়স্ক ব্যক্তিদের কীভাবে পারিবারিক বলয়ে রেখে সহায়তা দেওয়া যায়, তা সরকারের বিবেচনায় রয়েছে।”
এনজিও কার্যক্রম তদারকি প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে টাকা এনে অনেক সংস্থা রাষ্ট্রবিরোধী তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় এনজিওগুলোর কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সংস্থাগুলোকে একটি ছাতার নিচে আনার প্রক্রিয়া চলছে।
সরকার ইতোমধ্যে পাঁচ হাজারের বেশি এনজিওর নিবন্ধন বাতিল করেছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৫১৫ ঘ.
bdnews24