২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ডিইউআইটিএস-স্যামসাং প্রযুক্তি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ডিইউআইটিএস-স্যামসাং ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’। বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রযুক্তি উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য-প্রযুক্তি পরিষদ (ডিইউআইটিএস) এই উৎসবের আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, “যেকোনো সমাজের মৌলিক ও আর্থ-সামাজিক পরিবর্তনের প্রধান শর্ত হচ্ছে নতুন প্রজন্ম। আমরা এই নতুন প্রজন্মকে প্রস্তুত করতে চাই। তারাই হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা।” নাহিদ আরো বলেন, নতুন প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ, দায়বদ্ধতা ও দেশপ্রেম জাগাতে হবে। আমরা যা করতে ব্যর্থ হয়েছি, নতুন প্রজন্ম তা করতে যেন ব্যর্থ না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, তথ্য-প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে, বিজ্ঞানের সুফল সবার কাছে পৌঁছে দিতে হবে। “মানবতাবিরোধী অপরাধ ও নারী নির্যাতনসহ কোনো অপরাধ সংঘটনে এই প্রযুক্তি যেন ব্যবহৃত না হয় সে দিকে সচেতন হওয়া দরকার,” যোগ করেন উপাচার্য। ডিইউআইটিএসের মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্যামসাংয়ের আঞ্চলিক পরিচালক সিএস মুন ও ডিইউআইটিএসের সভাপতি আব্দুল্লাহ আল ইমরান। অনুষ্ঠানের শুরুতে নূরুল ইসলাম নাহিদের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২২৯ ঘ.