ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বন্ধে শিক্ষা ভবন নামে পরিচিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গুরুত্বপূর্ণ শাখাগুলোতে ৩২টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার শিক্ষা ভবনে সিসি ক্যামেরা এবং ৫০ আসনবিশিষ্ট প্রশিক্ষণ স্টুডিও’র উদ্বোধন করেন।
এসময় তিনি শিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি বাড়ানোর জন্য স্বচ্ছতার সঙ্গে কাজের পাশাপাশি শিক্ষা ভবনে নানা কাজে আসা শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা ভবনের অনেক দুর্নাম ছিলো। এখনো এখানে অনেকে হয়রানির শিকার হন। অনেককেই নানা দুর্ভোগ পোহাতে হয়। এসবের পরিবর্তন করতে হবে।”
সিসি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “শুধু ত্রুটি ধরা কিংবা নজরদারির জন্য নয়, নিজেদের নিরাপত্তা-সময়ানুবর্তিতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে।”
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) মফিজুল ইসলাম, মাউশির পরিচালক (কলেজ) মো. আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/১৯৫২ ঘ.
bdnews24