২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: প্রিমিয়ার সিমেন্টকে ২০ লাখ টাকা জরিমানা

বায়ু দূষণের দায়ে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে ১৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের দায়ে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডকে ১৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর মুন্সিগঞ্জের মুক্তারপুরে অবস্থিত ওই কারখানার আশেপাশের এলাকার বায়ু পরীক্ষা করে ১০৫৭.৩৯, ৮৬০ ও ৪৮২.৭২ মাইক্রোগ্রাম/ঘনমিটার মাত্রার ভাসমান বস্তুকণা পেয়েছে। অথচ বাংলাদেশে আদর্শ মাত্রা ২০০ মাইক্রোগ্রাম/ঘনমিটার। মঙ্গলবার ওই অভিযোগের শুনানিতে বায়ু দূষণের কথা স্বীকার করে কারখানা কর্তৃপক্ষ। পরে তাদের ক্ষতিপূরণ বাবদ ১৯ লাখ ৭৪ হাজার টাকা জরিমানার পাশাপাশি বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ সম্মত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বুধবার জরিমানার অর্থ আদায় করেছেন। অধিদপ্তর জানিয়েছে, এ কারখানা থেকে গত পাঁচ মাসে ৭০ হাজার ৫শ’ ঘনমিটার বায়বীয় বর্জ্য নির্গত হয়েছে, যা বায়ুর জন্য মারত্মক ক্ষতিকার। এ বিষয়ে মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, এ ধরণের দূষণ নিয়ন্ত্রণের জন্য সিমেন্ট কারখানায় পর্যাপ্ত ডাস্ট কালেক্টর বা এয়ার ফিল্টার সিস্টেম স্থাপন এবং এগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ বাধ্যতামূলক। তবে তারা তা করছেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৮২৪ ঘ.