নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে ফতুল্লার পশ্চিম তল্লা থেকে বাবুল মিয়া (৪৬) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বাবুল তল্লার চাঁন মিয়ার ছেলে।
বাবুলের কাছ থেকে রাশেদুল হকের ব্যবহৃত ২টি মোবাইল ফোন সেট উদ্ধার করেছে পুলিশ।
গত ২৩ জুন ফতুল্লার ইসদাইরের সুগন্ধা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট থেকে চাঁদমারী এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের হিসাবরক্ষণ কর্মকর্তা রাশেদুল হকের লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মোল্লা সাংবাদিকদের বলেন, নিহত রাশেদুল হক ইসদাইরের সুগন্ধা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গত ২৩ জুন নিজ বাসায় তার লাশ পাওয়া যায়।
গ্রেপ্তার বাবুলের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা আরো বলেন, রাশেদুল হক তার এক বন্ধু মামুনকে সুদে দেড় লাখ টাকা ধার দিয়েছিলেন।
এই পাওনা টাকা নিয়ে মামুনের সঙ্গে রাশেদুলের বিরোধের জেরে রাশেদুলকে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24