ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি নিয়ে বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নবনির্বাচিত কমিটির নেতারা বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খানের সঙ্গে তার দপ্তরে দেখা করে এসব দাবি তুলে ধরেন।
বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশি বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণ এবং দেশি ও বিদেশি সকল বিমান সংস্থার ভাড়ায় সমতা আনাসহ একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়ন করা হবে জানান মন্ত্রী ফারুক খান।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বায়রার সভাপতি শাহজালাল মজুমদার এবং মহাসচিব আলী হায়দার চৌধুরী।
মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বায়রা সভাপতি শাহজালাল মজুমদার সাংবাদিকদের বলেন, “জনশক্তি রপ্তানিকারক, তাদের প্রতিনিধি এবং বিদেশগামী শ্রমিকরা প্রতিনিয়তই বিমানবন্দরে নানান হয়রানির শিকার হন। এজন্য বিমানবন্দরে এসব ক্ষেত্রে সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয় নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।”
মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, বিশ্বের অন্য দেশগুলোতে চাকরি নিয়ে বিদেশগামী শ্রমিকদের জন্য বিশেষ বিমান ভাড়ার (লেবার ফেয়ার) ব্যবস্থা রয়েছে। এতে শ্রমিকদের জন্য বিদেশে যাওয়া সাশ্রয়ী হয়। আমরাও এ ব্যবস্থা চালু করার জন্য দাবি জানিয়েছি। এতে আমাদের শ্রমিকদেরও বিদেশ যাওয়ার ক্ষেত্রে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় কমতে পারে।
জরুরি প্রয়োজনে অনেক সংস্থাকে তাদের বিদেশগামী শ্রমিকের টিকেট বাতিল করতে হয়। কিন্তু বিমান সংস্থাগুলো এসব টিকেটের অর্থ বাজেয়াপ্ত করে। এ অর্থ বাজেয়াপ্ত না করে বাতিল করা বিমানের টিকেটের অর্থ ফেরৎ দেওয়ার দাবিও জানানো হয়েছে বৈঠকে।
বায়রার দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, দেশে আসা বিদেশি নিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের বিমানবন্দরে ভিআইপি মর্যাদা দেওয়া এবং বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে নিরাপত্তা বেষ্টনির ভেতর বায়রার জন্য বিশেষ প্রটোকল ডেস্ক স্থাপন।
নিরাপত্তা বেষ্টনী এলাকার বিভিন্ন ডেস্ক পুনর্বিন্যাস করে বায়রার জন্য একটি প্রটোকল ডেস্ক স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী।
বৈঠকে জানানো হয়, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে বাংলাদেশ গত বছর ১১ বিলিয়ন ডলার আয় করেছে। যা চলতি বছর ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৭০৩ ঘ.
bdnews24