২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের কাছে শেখার আছে: মজিনা

রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 10:15 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের কাছ থেকে যুক্তরাষ্ট্রের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। বুধবার ঢাকার র‌্যাডিসন হোটেলে দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, “মার্কিন কংগ্রেসে নারীর প্রতিনিধিত্ব সম্পর্কে আমি সঠিক জানি না। তবে আমি নিশ্চিত যে, তা বাংলাদেশের চেয়ে কম।” বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রধান বিরোধী দলীয় নেতা, সংসদের উপনেতা, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কৃষিমন্ত্রী নারী। মজিনা জানান, বাংলাদেশ ইকুয়াল ফিউচার্স পার্টনারশিপ নামের একটি নতুন উদ্যোগে যুক্তরাষ্ট্রের সঙ্গী হতে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণের বাধা দূর করতে কাজ করবে সংস্থাটি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করবে যার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে থাকবে বাংলাদেশ। মজিনা বলেন, “আমি নিশ্চিত যে বাংলাদেশ এই উদ্যোগে নেতৃত্ব দেবে। কারণ প্রতিটি ছেলে ও মেয়ের জন্য সমান উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সরকারের উদ্যোগের আমি প্রশংসা করি।” দক্ষিণ এশিয়ার নারী সাংসদদের মধ্যে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য একটি আঞ্চলিক নেটওয়ার্ক ও দপ্তর স্থাপন করা হয়েছে এ সম্মেলন থেকে। সম্মেলনে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার সাতটি দেশের নারী আইনপ্রণেতাদের মধ্যে ভবিষ্যত কার্যক্রমে সহায়তা দেয়ার জন্য ওই দপ্তর আঞ্চলিক সমন্বয়কের করবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপের প্রায় একশ’ নারী সাংসদকে নিয়ে রোববার চার দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী বলেন, “রাজনৈতিক প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্বের অনেক চ্যালেঞ্জ রয়েছে। মূলধারার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারী নেতৃত্বকে জড়িত করতে অনেক কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, রাজনীতিতে নারীরা পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের এ সম্মেলন থেকে আফগানিস্তানে তালেবানের হাতে এক আফগান নারী হত্যার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এসইউ/১৬০৫ ঘ.