২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রেলের ২৭ কোটি টাকার জমি ৩০ লাখে ইজারা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এ দুটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 09:34 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলওয়ের ২৭ কোটি টাকার জমি ৩০ লাখে ইজারা দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ও বর্তমান ১১ কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. হুমায়ুন কবীর বুধবার দুপুরে কোতয়ালি থানায় মামলা দুটি দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় রেলের সাত সাবেক ও বর্তমান কর্মকর্তাকে আসামি করা হয়েছে। অন্য মামলায় রেলের এগারজন ও আবাসন নির্মাতা কোম্পানি বসুধা বিল্ডার্স, এটকো হোল্ডিংস ও রিয়েল এস্টেট সিন্ডিকেটের পাঁচ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। দুদক পরিচালক মেজর ফয়সাল পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রেলওয়ের জমি অবৈধভাবে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দুটি করা হয়েছে।” অভিযোগে বলা হয়, ওই তিন আবাসন নির্মাতা কোম্পানি রেল কর্মকর্তাদের যোগসাজশে মাত্র ৩০ লাখ টাকায় ৭৬ হাজার ১১২ বর্গফুট জমি ইজারা নেয়, যার প্রকৃত মূল্য ২৭ কোটি ৩১ লাখ ৪৫ হাজার ৫৪১ টাকা। দুদকের প্রাথমিক তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে বলেও ফয়সাল পাশা জানান। প্রথম মামলার সাত আসামি হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক খান মো. আবদুর রব, সাবেক চিফ ট্রাফিক ম্যানেজার সুলতান আহমেদ তালুকদার, সাবেক চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিয়া, সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা শহীদ উল্লাহ, সিনিয়র সহকারী প্রকৌশলী আরফান উদ্দিন আহমেদ, অডিটর নাসির উদ্দিন আহমেদ ও মো. সিরাজুল ইসলাম। এ মামলার অভিযোগে বলা হয়, নগরীর বিআরটিসি এলাকায় রেলওয়ের মালিকানাধীন জমিতে একটি বহুতল ভবন নির্মাণের জন্য ওই তিন আবাসন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়। কিন্তু অগ্রিম হিসেবে ৩০ লাখ টাকা নিয়ে কর্মকর্তারা তা আত্মসাৎ করেন। রেলওয়ে মেনস স্টোরের ওই জমি ইজারা দেওয়ার নিয়ম না থাকলেও রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মকর্তারা ওই স্থানে বহুতল ভবন নির্মাণের জন্য চুক্তি করে টাকা নেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এ কারণে অসামিদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতায় অপব্যবহার ও নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুদকের অপর মামলায় আগের সাতজনের সঙ্গে আসামি করা হয়েছে রেলওয়ে মেনস স্টোরের প্রধান নির্বাহী সৈয়দ শাহাবুদ্দিন শামীম, এটকো হোল্ডিংসের প্রকল্প পরিচালক প্রকৌশলী চৌধুরী আনিসুল হক, রিয়েল এস্টেট সিন্ডিকেটের চেয়ারম্যান সালাউদ্দিন ইবনে আহম্মদ, রিয়েল এস্টেট সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ, বসুধা বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জব্বার খান, রেলওয়ের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. মোখলেসুর রহমান, পূর্ব রেলের সাবেক জিএম নুরুল আমিন, রেলের সাবেক অর্থ উপদেষ্টা মাহতাব উদ্দিন ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনহার মাহমুদকে। এ মামলায় রেলের জমি অবৈধভাবে ইজারা নিয়ে ভবন নির্মাণ এবং পরস্পরের যোগসাজশে ইজারার অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/জেকে/১৫৩৩ ঘ.