ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ সামনে রেখে যে কোনো মূল্যে রাস্তাঘাট চলাচলের যোগ্য রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে যোগাযোগ ও রেলপথ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন মন্ত্রী এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে মন্ত্রী বলেন, “সামনে রমজান, ঈদ ও বর্ষা রয়েছে। এই সময়ে রাস্তাঘাট যে কোনো মূল্যে চলাচলের যোগ্য রাখতে হবে।”
সড়ক চলাচলযোগ্য রাখতে জেলা প্রশাসকদের ‘মোবাইল ইউনিট’ পরিচালনা করারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
জেলা প্রশাসকরা মহাসড়কে নসিমন-করিমন বন্ধের ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন “নসিমন করিমন চলাচল বন্ধের জন্য বিষয়টি আইনি ব্যবস্থায় নিয়ে আসা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে। ”
মন্ত্রী বলেন, “জেলা প্রশাসকরা সময়মত অর্থ ছাড়ের বিষয়টিও নিশ্চিত করতে বলেছেন। তাদের (জেলা প্রশাসক) জানানো হয়েছে, চলতি অর্থ বছরে যথেষ্ট বরাদ্দ রয়েছে। কাজেই সমস্যা হবে না।”
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণ নিয়ে জেলা প্রশাসকদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/জেকে/১২১৫ ঘ.
bdnews24