২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে বুয়েটে ছুটি এক মাস আগেই

রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১১ অগাস্ট। কিন্তু উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে এক মাস আগেই ছুটি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:16 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে কার্যত বন্ধ হয়ে গেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)। কর্তৃপক্ষ অবশ্য বলছে, এটা রোজা ও ঈদের ছুটি। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনের মধ্যে মঙ্গলবার আগামী ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত রোজা ও ঈদের ছুটি ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এই ছুটি শুরু হওয়ার কথা ছিল ১১ অগাস্ট। অর্থাৎ এর এক মাস আগেই ছুটি দেওয়া হয়েছে। আকস্মিক এই ছুটির কারণ জানাতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজা ও ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে।” কেন এগিয়ে আনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “আসলে শিক্ষকদের কর্মবিরতির কারণে এমনিতেই ক্লাস হচ্ছিল না। উপরন্তু শিক্ষকরা তাদের আন্দোলনে শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করতে নানাভাবে চেষ্টা করছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ছুটি ঘোষণার পর ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। ১৪ জুলাই থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও তাদের ছিল। তার আগেই ছুটি ঘোষণা করল কর্তৃপক্ষ। উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করে। প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনা করবেন বলে আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে। তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছে শিক্ষক সমিতি। মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়েছে বুয়েট শিক্ষক সমিতি ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মুজিবুর রহমান বলেন, “বুয়েট নিয়ে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, এটা ঠিক নয়।” সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, “দয়া করে বুয়েটের অস্তিত্ব রক্ষায় উপাচার্য ও উপ-উপাচার্যকে সরিয়ে দিন।” মুজিবুর আরো বলেন, “বুয়েটে যদি কোনো ধরনের অনিয়ম হয়ে থাকে তাহলে তারা (উপাচার্য ও উপ-উপাচার্য) তাদের নিজেদের স্বার্থেই করেছেন। তাই বুয়েটের সৃষ্ট সমস্যা সমাধানের জন্য তাদের পদত্যাগ করতে হবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩১৪ ঘ.