চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বহদ্দারহাটে সিডিএ’র নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে পড়ার জন্য নিরাপত্তার বিষয়ে কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।
গত ২৯ জুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি মঙ্গলবার বিকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামের কাছে প্রতিবেদন জমা দেয়। দুই পৃষ্ঠার এই প্রতিবেদনে পাঁচটি সুপারিশও করা হয়েছে।
তদন্ত কমিটির প্রধান ও সিডিএ’র প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গার্ডার ভেঙে পড়ার কারণ হিসেবে নির্মাণের পর ঠেস দেয়া গাছের গুঁড়ি অতিবৃষ্টির কারণে পচে যাওয়ার কথা প্রতিবেদনে বলা হয়েছে।
তিনি বলেন, “নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও তা নেওয়া হয়নি।”
ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানকে দক্ষ জনবল নিয়োগসহ পাঁচটি সুপারিশ করা হয় বলে জানান নাসির উদ্দিন।
গত ২৯ জুন নতুন চান্দগাঁও থানার অদূরে নির্মাণাধীন বহদ্দারহাট ফ্লাইওভারের ১৩৭ ফুট লম্বা ও সাত ফুট চওড়া একটি গার্ডার ভেঙে পড়ে। এতে একজন রিকশাচালক আহত হন।
তদন্ত প্রতিবেদনের সুপারিশে দক্ষ জনবল নিয়োগ ছাড়াও ক্রস গার্ডার নির্মাণ করা, নিরাপত্তার বিষয় নিশ্চিত করা, পরামর্শক প্রতিষ্ঠানের নীতিমালার (গাইডলাইন) বাইরে গিয়ে কোনো কাজ না করা এবং জরুরি দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে।
বহদ্দারহাট ফ্লাইওভারের জন্য ৮৭টি গার্ডার তৈরি করা হয়েছে। এরমধ্যে বেশিরভাগের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হলেও কিছুক্ষেত্রে অবহেলা রয়েছে বলে তদন্ত কমিটি বলছে।
দুইদফায় সদস্য পরিবর্তন করে সিডিএ’র প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা ছিলেন- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুর রহমান চৌধুরী, পরামর্শক প্রতিষ্ঠানের প্রকৌশলী শফিকুল ইসলাম ও সিডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২২৪৫ ঘ.
bdnews24