ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্ধেকের বেশি কাজ শেষ করেই আগামী বছর উৎপাদনে যাওয়ার পরিকল্পনা করছে গ্যাস নির্ভর নিউ হরিপুর বিদ্যুৎকেন্দ্র।
সংশ্লিষ্টরা বলছেন, কাজের এই গতি থাকলে নরায়ণগঞ্জের হরিপুরে নির্মাণাধীন ৪২৮ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি আগামী বছরের অগাস্টে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে।
নারায়ণগঞ্জের হরিপুরে সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি করা হচ্ছে। প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার এই কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রে অর্থ দিচ্ছে জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ও বাংলাদেশ সরকার।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশের (ইজিসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “এরই মধ্যে প্রকল্পের ৫৩ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী বছরের জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করছি।”
“এরপর কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হবে আগামী বছরের অগাস্ট থেকে।”
শীতলক্ষ্যা নদীর তীরে নির্মানাধীন ‘নিউ হরিপুর বিদ্যুৎকেন্দ্রটি’ দেখানোর জন্য জাইকার উদ্যোগে মঙ্গলবার ঢাকা থেকে একদল সাংবাদিক সেখানে নিয়ে যাওয়া হয়।
মোস্তফা কামাল বলেন, “৪২৮ মেগাওয়াটের মধ্যে ২৭৯ মেগাওয়াট উৎপাদন হবে গ্যাস থেকে। বাকি ১৪৯ মেগাওয়াট উৎপাদন হবে বাস্প থেকে। তবে সিস্টেম লস বাদ দিয়ে প্রকৃত উৎপাদন দাঁড়াবে ৪১২ মেগাওয়াট।”
এ কেন্দ্রটি হবে ‘দেশের মোস্ট এফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট’ বলে উল্লেখ করে তিনি বলেন, “এখানে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ পড়বে এক টাকা ৯১ থেকে ৯২ পয়সা।”
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৫৮টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করেছে। নিউ হরিপুর বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের চুক্তি হয় ২০১১ সালের ৯ ফেব্র“য়ারি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৫০৭ কোটি টাকা। এরমধ্যে ৭১ শতাংশ অর্থায়ন করবে জাইকা।
প্রকল্প বাস্তবায়নে ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে রয়েছে জাপানের মারুবেনি করপোরেশন।
জাইকার সিনিয়র প্রতিনিধি কেই তয়ামা সাংবাদিকদের বলেন, “জাপান বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি ও কয়লাভিত্তিক বিদ্যুৎ খাতে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/২২০৭ ঘ.
bdnews24