২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মৎস্য প্রকল্পে ডাকাতি, দু’জন নিখোঁজ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক সাংসদের পারিবারিক মৎস্য প্রকল্পে সোমবার রাতে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

কক্সবাজার, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক সাংসদের পারিবারিক মৎস্য প্রকল্পে সোমবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতির পর থেকে প্রকল্পের ব্যবস্থাপক ফজলুল হক এবং মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। চরণদ্বীপের কাউয়ারদিয়ায় ‘নিরিবিলি এগ্রো কমপ্লেক্স’ নামের এই প্রকল্পের মালিক কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল এবং তার পরিবারের সদস্যরা। নিরিবিলি এগ্রো কমপ্লেক্সের উৎপাদন ব্যবস্থাপক নবাব মিয়া সাংবাদিকদের বলেন, রাত সোয়া ২টার দিকে ৩০-৪০ জন সশস্ত্র ডাকাত গুলি করতে করতে প্রকল্পে প্রবেশ করে। এ সময় প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা প্রাণভয়ে পালিয়ে যায়। তিনি দাবি করেন, ডাকাতরা অফিস ভাংচুরের পর প্রকল্পের তেলাপিয়া, বাগদা চিংড়ি, সাতটিট বড় মোটরসহ বিভিন্ন যন্ত্রপাতি, মেডিসিন, মাছের খাদ্য, কেমিক্যাল, তেলাপিয়ার পোনা এবং টেলিভিশন, ডিস রিসিভার, বৈজ্ঞানিক মিটার ও অফিস সরঞ্জাম লুট করে। প্রকল্পের স্টোর ও ক্যাশ কর্মকর্তা নুরুল আজিম বলেন, ডাকাতির সময় প্রকল্প ব্যবস্থাপক ফজলুল হক ও মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক মসজিদে ঘুমিয়ে ছিলেন। সকাল থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ডাকাতরা তাদের নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। নিরিবিলি গ্রুপের হিসাবরক্ষণ কর্মকর্তা সুজন বড়–য়া বলেন, প্রায় ৩৫০ একরের এই মৎস্য প্রকল্পে ২৮০ একর জমিতে মাছের প্রকল্প ও অবশিষ্ট এলাকায় প্যারাবন (ম্যানগ্রোভ) সৃজন করা হয়েছে। এই প্রকল্পে তেলাপিয়া হ্যাচারি, তেলাপিয়া চাষ, তেলাপিয়া নার্সারি, চিংড়ি ও মিশ্র চাষ, কোরাল চাষ, কাঁকড়া চাষ ও ফলজ বাগান করা হয়েছে। সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “বাবা এবং আমরা ভাইয়েরা এটির মালিক।” নিরিবিলি গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ডাকাতরা প্রায় ৫০ লাখ টাকার মাছসহ বিভিন্ন মালামাল লুট করেছে। চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এজাহার দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।” লুটপাটের অর্থের পরিমাণ কত তা তিনি এখনো বলতে পারছেন না বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১২ ঘ.