ভোলা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-শ্রমিক সংঘর্ষে এক বাস শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ভোলায় বাস ধর্মঘট চলছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।
ভোলা থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিক নিহত হওয়া ঘটনায় বাস চালক আ. হাই বাদি হয়ে শতাধিক ছাত্রের বিরুদ্ধে সোমবার রাতে একটি মামলা করেছেন।
অন্যদিকে কলেজ ভাংচুর ও ছাত্রদের মারধরের ঘটনায় তিন শতাধিক শ্রমিকের বিরুদ্ধে ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন বাদি হয়ে একটি মামলা করেছেন।
বাসচালকের করা মামলায় সোমবার সাইদুল নামের এক কলেজ ছাত্রকে আটক করে পুলিশ। তার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে ছাত্ররা শহরে বিক্ষোভ করলে শহরের বাংলা স্কুল এলাকা, নতুন বাজার ও সদর রোডে ছাত্রদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে ও ১০ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এতে এটিএন বাংলার ক্যামেরাম্যান খোকন দেবনাথ সহ অন্তত ২০ কলেজ ছাত্র আহত হয়।
এর আগে সকালে বাস টার্মিনালে বাস শ্রমিকরা এবং কলেজ ক্যাম্পাসে ছাত্ররা বিক্ষোভ করে।
ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে গত রোববার দুপুর থেকে ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষে পুলিশ, পথচারী, ছাত্র ও শ্রমিকসহ অন্তত ৮০ জন আহত হয়।
নিহত হন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাস শ্রমিক মোমিন। এর প্রতিবাদে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।
ওসি জানান, মঙ্গলবার পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সহিংসতার আশংকায় ভোলা কলেজ ও বাস টার্মিনালে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৩০৬ ঘ.
bdnews24