যশোর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে সদরের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসী শ্বশুরবাড়ি জ্বালিয়ে দিয়েছে।
নিহত সালমার (২০) সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে তিতুমীরের (৩০) স্ত্রী।
হত্যাকাণ্ডের অভিযোগে তিতুমীরসহ পরিবারের চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
নিহত সালমার চাচা ইউনুস আলী সাংবাদিকদের বলেন, প্রায় দু’বছর আগে সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে তিতুমীরের সঙ্গে সালমার বিয়ে হয়। সালমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল।
বিয়ের পর থেকে বিভিন্ন সময় তিতুমীর যৌতুক দাবি করে আসছিল। সে অনুযায়ী নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল দেওয়া হয়েছে। স¤প্রতি সে একটি মোটরসাইকেল দিতে বলে। না পেয়ে সালামকে মারধর করেছে।
এর জেরেই রোববার রাতে তিতুমীর ও তার বাবা আইয়ুব আলী কেরোসিন ঢেলে সালমার গায়ে আগুন দিয়েছে বলে তিনি দাবি করেন।
সোমবার সকালে তারা গ্রামবাসীর কাছে প্রচার করেন শর্ট সার্কিট থেকে আগুন ধরে সালমার মৃত্যু হয়েছে।
প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে স্থানীয়রা গিয়ে দেখেন ঘরে সালমার লাশ পড়ে থাকলেও আগুনে তার স্বামীর কিছুই হয়নি। অথচ তারা পাশাপাশি ঘুমিয়ে ছিলেন।
এছাড়া ঘরে শর্ট সার্কিটের কোনো আলামত না দেখে এবং কেরোসিনের পাত্রসহ আগুন ধরিয়ে দেওয়ার উপকরণ দেখে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে তাদের বাড়িতে ভাংচুর চালায় এবং আগুন দেয়।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এছাড়া সালমার বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24