ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য প্রযুক্তি শিল্পের জন্যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
সোমবার কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) নামে ওই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বলে বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের আওতায় কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট এবং সফটওয়্যার ও আইটিইএস কোম্পানির কর্মীদের দক্ষতা বাড়ানোর কাজ করা হবে।
“প্রতিবছর যে বিপুল সংখ্যক কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট বের হচ্ছে তাদের তথ্য প্রযুক্তি শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে এ প্রকল্পের মাধ্যমে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এএইচ/২৩০৭ ঘ.
bdnews24