২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কুইক রেন্টাল না হলে সমস্যা প্রকট হত’

দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা কুইক রেন্টাল নিয়ে অনেক সমালোচনা হলেও ঢাকায় এক আলোচনা সভায় আলোচকরা বলেছেন, এই পদক্ষেপ গ্রহণ না হলে সমস্যা আরো প্রকট হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা কুইক রেন্টাল নিয়ে অনেক সমালোচনা হলেও ঢাকায় এক আলোচনা সভায় আলোচকরা বলেছেন, এই পদক্ষেপ গ্রহণ না হলে সমস্যা আরো প্রকট হবে। সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে সাপ্তাহিক কাগজ আয়োজিত ‘বিদ্যুৎ ও জ্বালানি : আমরা কোথায় দাঁড়িয়ে?’ শীর্ষক ওই আলোচনা সভায় কুইক রেন্টালের সমালোচনা করে বক্তব্য দিতে গিয়ে অন্যদের তোপের মুখে পড়েন পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ। সভায় ব্যবসায়ী নেতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর ইলাহী বলেন, কুইক রেন্টালের কারণে শিল্প উৎপাদন বৃদ্ধি সম্ভব হয়েছে। “এক সময় শিল্প এলাকাগুলোতে প্রায় ১১/১২ ঘণ্টা লোডশেডিং হত, সে তুলনায় এখন অবস্থা অনেক ভালো। সে সময়ে মাসে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা শুধু খরচ হত জেনারেটরের জ্বালানির জন্য। উৎপাদন খরচের চাপ সামলাতে না পেরে অনেক কারখানা বন্ধও হয়ে যায়। কুইক রেন্টালের কারণে এই সমস্যার সমাধান হয়েছে।” দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক উৎপাদন সাড়ে ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার ক্ষেত্রে দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অবদান বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এই সব কেন্দ্রের জন্য জ্বালানি তেলে ভর্তুকি দিতে গিয়ে সরকারকে অর্থ গুনতে হওয়ায় জনগণের ওপর চাপ পড়ছে বলে এর সমালোচকরা বলছেন। মঞ্জুর এলাহী বিদ্যুত উৎপাদন বাড়াতে স্বল্প মেয়াদি পরিকল্পনার পাশাপাশি মধ্যম ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার পরামর্শ দেন। বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহারের পরামর্শও দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এ আরাফাত বলেন, “কুইক রেন্টাল বা তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে সিদ্ধান্ত না নিলে বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে দেখা দিতে পারত।” ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অর্থ লুটপাট হচ্ছে বলে বিরোধী দল যে অভিযোগ করেছে, তার প্রতিক্রিয়ায় সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি আনিসুল হক বলেন, “শোনা যায়, কুইক রেন্টালে রক্ষণাবেক্ষণ এবং পুরাতন যন্ত্র নিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। তবে আমি মনে করি, এর কোনো সুযোগ নেই। কারণ সব কিছু সরকারের কনট্র্যাক্টে লেখা রয়েছে।” “এ মুহূর্তে রেন্টাল, কুইক রেন্টাল না দিলে আমরা এখন যে বিদ্যুৎ পাচ্ছি, তাও পেতাম না,” বলেন তিনি। পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতুল্লাহ বক্তব্যে কুইক রেন্টালের বিরোধিতার সঙ্গে সঙ্গে এর জন্য প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহীকে দায়ী করে তাকে আক্রমণ করেন। “এখনো সুযোগ রয়েছে কুইক রেন্টাল বন্ধ করে দেওয়া সম্ভব। কিন্তু যারা আফিম কিংবা ইয়াবা খায়, তারা কখনোই এমনটা হতে দেবে না,” বলেন তিনি। তখন আনিসুল হক তার বক্তব্যের বিরোধিতা করে বলেন, “আপনি কাকে আফিমখোর বলছেন?” তিনি রহমতুল্লাহকে তার সংযত বক্তব্য দেওয়ার পরামর্শ দেন। রহমতুল্লাহ তখন বলেন, “আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে কিছু বলছি না। আমি তৌফিক-ই ইলাহীকে বলছি।” এরপর কিছুক্ষণ উত্তপ্ত বাক্য বিনিময় হলে রহমতুল্লাহ বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন। দৈনিক ভোরের কাগজ সম্পদক শ্যামল দত্তর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির হায়াৎ খান, এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সেলিম মাহমুদ, পলিসি রিসার্চ ইনসস্টিটিউটের ড. আহসান মুনসুর, দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক আবিদ রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২০৩৬ ঘ.