২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঢাকায় জলাবদ্ধতা হবে না, আশা ওয়াসার

আসন্ন রোজায় রাজধানীতে পানি সরবরাহেও কোনো সমস্যা হবে না বলে আশা দিয়েছেন ওয়াসার এমডি তাকসিম এ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বর্ষা মৌসুমে ঢাকা মহানগরে জলাবদ্ধতা হবে না বলে আশা প্রকাশ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। আসন্ন রোজায় রাজধানীতে পানি সরবরাহেও ঠিক রাখার আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার কারওয়ান বাজারে ওয়াসার কার্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশারকথা শোনান। ওয়াসা এমডি বলেন, “বৃষ্টির সময় ম্যানহোল কভার খুলে দেওয়া এবং ক্যাচপিট পরিষ্কার করার জন্য বর্ষাকালীন সময়ে অস্থায়ী ভিত্তিতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। তাই বর্ষা মৌসুমে ঢাকা মহানগরে জলাবদ্ধতা হবে না বলে আশা করছি।” ড্রেনেজ ব্যবস্থার সব কার্যক্রম মনিটরিং করার জন্য ড্রেনেজ সার্কেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের লক্ষ্যে স্থায়ী দুটি পাম্প স্টেশন ছাড়াও রামপুরা, জনপথ ও অন্যান্য ১৪টি স্থানে অস্থায়ী পাম্প বসানো হয়েছে। জলাবদ্ধতা যাতে না হয় সে জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে ওয়াসা এমডি বলেন, ২০১১-১২ অর্থবছরে ২৩ কিলোমিটার স্টর্ম ড্রেনেজ লাইন স্থাপন, ১২ কিলোমিটার খাল দখলমুক্ত, ৭ কিলোমিটার খাল পুনঃখনন এবং ৭ কিলোমিটার খাল উন্নয়ন করা হয়েছে। রমজানের প্রস্তুতি রোজার রমজানের প্রস্তুতি প্রসঙ্গে ওয়াসার এমডি তাকসিম খান বলেন, ইফতার ও সেহরির সময় জনসমাগমস্থলে ট্রলি ও ভ্যানগাড়িতে বিশেষ ব্যবস্থায় পানি সরবরাহ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পানির গাড়ি ও জেনারেটরগুলো যাতে সচল থাকে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। পানি নিয়ে অভিযোগ জানাতে রমজানে ১৫টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখা হবে এবং পানির পাম্প মনিটরিং করার জন্য বিদ্যমান ১১টি ভিজিলেন্স টিমের কার্যক্রম জোরদার করছে ওয়াসা। ঢাকা ওয়াসা ৬২২টি গভীর নলকূপ এবং ৪টি শোধনাগারের মাধ্যমে ২১০-২২৫ কোটি লিটার চাহিদার বিপরীতে দৈনিক ২১০-২২০ কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ২১৭ কোটি লিটার পানি উৎপাদন করা হচ্ছে। গত দুই বছর আগেও ঢাকা ওয়াসার সিস্টেম লস শতকরা ৪০ শতাংশ ছিল, যা বর্তমানে কমিয়ে ২৯.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান এমডি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭৫৫ ঘ.