দিনাজপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা অবরোধ কর্মসূচি ২২ জুলাই পর্যন্ত স্থগিত করেছে।
সোমবার দুপুরে তারা খনি গেটে অবস্থান নেওয়ার পর পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় এক সংসদ সদস্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করে।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির সভাপতি ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টায় ভুমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে আশ্বাস দেওয়ার পর আগামী ২২ জুলাই পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়েছে।
শতভাগ ক্ষতিপূরণের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দুপুর ১২টার দিকে খনির সব গেট বন্ধ করে দিলে খনির কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।
বেলা দেড়টার দিকে আবাসিক গেট প্রাঙ্গণ থেকে গ্রামবাসীকে সরানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
এ সময় পুলিশ লাঠিপেটা এবং গ্রামবাসী ইট-পাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ২০ জন আহত হয় বলে পুলিশ জানিয়েছে।
পার্বতীপুর থানার ওসি (তদন্ত) সুমন দাসগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেছে।
খনি থেকে কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র ব্যনারে গত ১৮ জুন থেকে খনির প্রধান গেটে অবস্থান ধর্মঘট শুরু করে। লাগাতার অবস্থানের ২২তম দিন ছিল সোমবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৩ ঘ.
bdnews24