২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

জকিগঞ্জ পৌর মেয়র আনোয়ার হোসেন সোনাউল্লাহর ছেলের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 06:20 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

সিলেট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জকিগঞ্জ পৌর মেয়র আনোয়ার হোসেন সোনাউল্লাহর ছেলের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে এ হামলায় আহত ওয়াজেদ আহমদ ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। ওয়াজেদ খলাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুকের ছেলে। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোলাম মোস্তফা মাসুক বলেন, বেলা ২টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ওয়াজেদের এক সহপাঠীকে মারধর করছিল শামসুদ্দীন শুভ। এ সময় ওয়াজেদ বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে বলে শুভ পালিয়ে যায়। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক জাকিরুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে তিনি আহত ওয়াজেদকে দেখে এসেছেন। আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে মামলা নথিভুক্ত করা হবে বলে জানান তিনি। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্কুলের ছাত্ররা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে হামলাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তবে, এ ব্যাপারে মেয়র আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৫ ঘ.