২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে দাতাদের সঙ্গে সোমবার বৈঠক

দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন বাতিলের পর দাতা গোষ্ঠীর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সোমবার জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

আবদুর রহিম হারমাছি ও শেখ শাহরিয়ার জামান ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়ন বাতিলের পর দাতা গোষ্ঠীর স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সোমবার জরুরি বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকাল সাড়ে ৩টায় রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হবে। এতে বিশ্ব ব্যাংক, এডিবিসহ ১৮টি দাতা দেশ ও সংস্থার স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাঁ, কাল (সোমবার) আমরা লোকাল কনসালটেটিভ গ্রুপের সঙ্গে বসব। বৈঠকে পদ্মা সেতুর বিষয়টি নিয়েই আলোচনা হবে (ইটস অল এবাউট পদ্মা ব্রিজ)।” দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে এরপর এডিবিও সরে দাঁড়ায়। মুহিত বলেন, “বর্তমান পরিস্থিতিতে বৈঠকটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার পরও বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেছে। এতে আমাদের মর্যাদাহানি হয়েছে। এ বিষয়গুলো আমি এবং আমার প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছি। সংবাদ সম্মেলন করে আমি বিশ্ব ব্যাংকের অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছি।” “এ বিষয়গুলোই আমি কাল স্থানীয় দাতা প্রতিনিধিদের কাছে তুলে ধরব। বিষয়টি সক্রিয় বিবেচনা করে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনে তারা কোনো ভূমিকা রাখতে পারেন কিনা, এ বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে,” বলেন তিনি। পদ্মা প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে আবারও দাবি করেন অর্থমন্ত্রী। সোমবারের বৈঠকের পর ঋণ বাতিলের সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্তপুনর্বিবেচনার জন্য ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের প্রধানকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব আরাস্তু খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠকে উপস্থিত থাকতে স্থানীয় সব প্রতিনিধিকে আলাদা চিঠি দেওয়া হয়েছে। এদিকে দাতা সংস্থার অর্থায়ন বাতিলের পর রোববার রাতে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৩৯ ঘ.