বগুড়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় পরিবহন ধর্মঘটের কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও বগুড়া বাস মালিক সমিতির ডাকে রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়েছে।
এদিকে ধর্মঘটে সৃষ্ট অচলাবস্থা নিরসনের জন্য সোমবার সকালে ঢাকার গাবতলী কোচ মালিক সমিতি কার্যালয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিটুল বলেন, বৈঠক চলবে মহাখালী মোটর শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি ও উত্তরবঙ্গ মোটর মালিক সমিতির মধ্যে।
ধর্মঘট শুরু হওয়ার পর হানিফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপক বলাই দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে উত্তরবঙ্গগামী বাস চলছে না।
রংপুরের আগমনী এক্সপ্রেসের কর্মকর্তা সরিফুল ইসলাম বলেন, সকালে রংপুর থেকে বাস ছাড়লেও বগুড়ায় বাধার কারণে তাদের বাস ঢাকা যেতে পারেনি।
বগুড়া সদর থানার ওসি মাহমুদুল হক বলেন, সকাল থেকেই বগুড়ার ওপর দিয়ে উত্তরাঞ্চলের কোনো বাস চলাচল করছে না।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানার এসআই আসলাম হোসেন বলেন, খুলনা বিভাগের বাস সেতুর ওপর দিয়ে চলাচল করলেও উত্তরবঙ্গের বাস চলাচল করতে দেখা যায়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ মিটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকার বাস মালিকরা বগুড়ার বাস মহাখালী টার্মিনাল থেকে চলাচল করতে বাধা দেওয়ায় রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডেকেছে।
তিনি বলেন, বগুড়ার মালিকদের পরিচালিত শাহ ফতেহ আলী পরিবহনের বাস গত ৩০ জুন রাত থেকে মহাখালী টার্মিনাল থেকে চলাচলে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র কওে এ ধর্মঘট ডাকা হয়েছে। বগুড়ার মালিকদের দু’টি নতুন এসি বাস মহাখালী থেকে চালানো নিয়ে এ বিরোধ বাধে।
মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ১ জুলাই থেকে মহাখালী বাস টার্মিনাল থেকে বগুড়া রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
“আজ গাবতলী টার্মিনাল থেকেও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে গেছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24