২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীর চরে ১০ ভূমিহীন পরিবার উচ্ছেদ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রোববার কয়েকজন স্থানীয় প্রভাবশালী দশটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 02:31 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

নোয়াখালী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট উপজেলায় রোববার কয়েকজন স্থানীয় প্রভাবশালী দশটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করেছে। ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ও বেদমার চরে এ হামলার সময় ভাংচুর এবং লুটপাটও চালানো হয় বলে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত আবুল কালাম, শাসছুল হক, আবদুর রহিম ও জসিম জানিয়েছেন- নলুয়া ও বেদমার চরের ১৪ একর খাস জমিতে ২০ বছর থেকে ভূমিহীন পরিবারগুলো বাস করছে। স্থানীয় জোতদাররা গত কয়েকদিন আগে ভূমিহীনদের জমি থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। এতে কাজ না হওয়ায় জোতদার লিটন সাহা ভূমিহীনদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেন। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে পরিবারের পুরুষ সদস্যরা বাড়িছাড়া হয়। এ সুযোগে দুপুরের দিকে স্থানীয় জোতদার নুরউদ্দিন, লিটন সাহা ও মাহে আলমের নেতৃত্বে শতাধিক লাঠিয়াল দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ভূমিহীনদের বাড়িঘরে হামলা চালায়। এ সময় লাঠিয়ালরা ভূমিহীনদের গরু-ছাগল, হাঁস-মুরগি, ধান-চাল নিয়ে যায়। কবিরহাট থানার ওসি সুবাস চন্দ্র ঘটনার সত্যা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ লিটন সাহাকে গ্রেপ্তার করেছে। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৬ ঘ.