২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমান হল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স

সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করে একটি সংশোধিত বিল পাস হয়েছে সংসদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 01:13 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করে ‘পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) বিল-২০১২’ সংসদে পাস হয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে বিলটি সংসদে পাসের জন্য উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুুরুল ইসলাম নাহিদ। বিলের ওপর বিরোধীদলের সদস্যরা সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করলেও তা নাকচ হয়। পরে কণ্ঠভোটে পাস হয় বিলটি। গত ২৫ জুন বিলটি সংসদে উত্থাপন করা হয়। প্রস্তাবিত এই আইনে দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধন করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো আইন, অধ্যাদেশ, রাষ্ট্রপতির আদেশ, বিশ্ববিদ্যালয়ের সংবিধি, বিধি, প্রবিধি, উপ-আইন অথবা আইনের ক্ষমতা সম্পন্ন কোনো দলিলে যাই থাকুক না কেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৬৫ বছর বয়স পূর্তিতে অবসরে যাবেন। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, “ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবসরের বয়সসীমা ৬০ বছর। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব যুক্তিযুক্ত।” এর আগে গত ১৮ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে উপাচার্যরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর করার প্রস্তাব করলে রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৯০৩ ঘ.