কুষ্টিয়া, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় ছয় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে করা মানববন্ধনে হামলা হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে শহরের মজমপুর গেইটে এ ঘটনা ঘটে।
দৈনিক সমকাল কুষ্টিয়া প্রতিনিধি সাজ্জাদ রানা জানান, শহরের মজমপুর গেইটে সর্ব স্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে মানববন্ধনে ক্ষমতাসীন দলের চিহ্নিত সন্ত্রাসীরা মানববন্ধনে হামলা চালায়।
কর্মসূচিতে সন্ত্রাসী হামলার আশঙ্কার কথা আগেই কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদকে জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি।
“তবে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে,” অভিযোগ করেন সাজ্জাদ।
হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ পিনু অবিলম্বে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি কাজী জালাল জানান, সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৮২৮ ঘ.
bdnews24