ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে মানহানীর ১০ মামলায় হাই কোর্ট থেকে চার মাসের জামিন পেয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
রোববার তিনি আদালতে হাজির হয়ে দাবি করেন, প্রধানমন্ত্রীকে নয়, তিনি নিজেকেই বাচাল বলেছিলেন। কিন্তু ভিডিও সম্পাদনা করে এমন করা হয়েছে, যাতে মনে হয় যে তিনি প্রধানমন্ত্রীকেই বাচাল বলছেন।
মাহফুজের আগাম জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও কে এম কামরুল কাদেরের বেঞ্চ তা মঞ্জুর করেন।
শুনানিতে মাহফুজের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম। তাকে সহায়তা করেন মো. আবু তালেব।
রাষ্ট্রপক্ষে ছিলেন এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলী জিন্নাহ।
গত মে মাসে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকা- নিয়ে কটূক্তি করেন মাহফুজ।
এরপর গত মাসের শেষ দিকে আরেকটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে এটিএন বাংলার চেয়ারম্যানকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কত না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”
তার ওই বক্তব্যে মানহানী হয়েছে- এমন অভিযোগ এনে বিভিন্ন জেলায় মামলা দায়ের হয়।
প্রধানমন্ত্রীকে বাচাল বলেছেন কি না- হাইকোর্ট বেঞ্চের এমন প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “আমি এ ধরনের কথা বলিনি। আমি নিজেকেই বাচাল বলছি। এর আগে প্রধানমন্ত্রী সম্পর্কে কথা আছে। আমার মাঝখানের কথাডা ফালাইয়া দিয়া বানাইছে প্রাইম মিনিস্টার বাচাল।”
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কী ব্যবস্থা নিয়েছেন- আদালতের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করেছি।”
মাহফুজের আইনজীবী আহসানুল করিমও শুনানিতে দাবি করেন, তার মক্কেল লন্ডনে ওই ধরনের কোনো কথা বলেননি। তার বক্তব্য এডিট করেই এটা বানানো হয়েছে।
আরেক আইনজীবী মো. আবু তালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহফুজুর রহমানের বিরুদ্ধে সারা দেশে মোট ১৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৩টি মামলা প্রত্যাহার হয়েছে। বাকি ১০ মামলায় আদালত তাকে জামিন দিয়েছে।
“কক্সবাজার, দিনাজপুর, রংপুর, সিলেট, গোপালগঞ্জ, মানিকগঞ্জ এবং পিরোজপুরে একটি করে এবং চট্টগ্রামে দায়ের করা তিনটি মামলায় তিনি আজ জামিন পেয়েছেন। এ সব মামলার সাতটিতে তার বিরুদ্ধে আদালত সমন দিয়েছে। বাকি তিন মামলা তদন্ত পর্যায়ে রয়েছে”, বলেন তালেব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭১৪ ঘ.
bdnews24