চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় রড বহন করার সময় ট্রাকে চাঁদাবাজি ও ডাকাতির প্রতিবাদে রোববার থেকে অর্নিদিষ্টকালের ধর্মঘট শুরু করেছে রড ট্রান্সপোর্ট এজেন্সির মালিকরা।
আন্তঃজেলা মালামাল পরিবহণ সংস্থা ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন জেলায় সমিতির সদস্য প্রায় তিন হাজার ট্রাক মালামাল বহন করে। এর মধ্যে প্রায় দেড়শ ট্রাক শুধু লোহার রড চট্টগ্রামের বিভিন্ন স্টিল কারখানা থেকে দেশের বিভিন্ন জেলায় বহন করে।
“লোহার বহন করা ৪০টি এজেন্সির মালিকরা মহাসড়কে ট্রাকে চাঁদাবাজি, ডাকাতি, মারধর, জখমসহ নানা অপরাধের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘটে এজেন্সির মালিকদের সাথে একাত্ততা ঘোষণা করছি।”
এদিকে বোরবার দুুপরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিরা এলাকায় এ ধর্মঘটের সমর্থনে অবস্থান নিয়েছে ‘এমএস রড ও লোহাজাত পণ্য পরিবহণ মালিক ঐক্য পরিষদ’।
এ পরিষদের আহ্বায়ক আ ফ ম মুজাফ্ফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যতক্ষণ পর্যন্ত প্রশাসন মহাসড়কে বিভিন্ন অপরাধ দমানোর নিশ্চয়তা আমাদের না দেবে ততক্ষণ পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।
“সীতাকুন্ডের কুমিরায় আমরা অবস্থান নিয়েছি যাতে করে কোনো ধরনের লোহাজাত পণ্য চট্টগ্রাম থেকে দেশের বাইরে যেতে না পারে।”
বোরবার চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য জেলায় সব ধরনের লোহার রড বা লোহাজাত পণ্য বহন বন্ধ রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৬৫৮ ঘ.
bdnews24