ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাভেল এজেন্সিগুলোর সনদ নবায়ন ও নতুন ট্রাভেল এজেন্সির নিবন্ধন পেতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সদস্য হতে হবে।
ট্রাভেল এজেন্সিগুলোর নিবন্ধন ও সনদদাতা মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় রোববার এ সিদ্ধান্ত নিয়েছে বলে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আটাব কার্যনির্বাহী পরিষদের একটি প্রতিনিধি দল রোববার বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে সচিবালয়ের কার্যালয়ে দেখা করে এ ব্যাপারে অনুরোধ জানায়। তাদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী এ সিদ্ধান্ত নেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়েছে, এখন থেকে আটাবের সদস্যপদ ছাড়া কোন ট্রাভেল এজেন্সির নিবন্ধন নবায়ন করা হবে না বা নতুন নিবন্ধন দেওয়া হবেনা। বর্তমানে সনদধারী ট্রাভেল এজেন্সিগুলোকেও তাদের মেয়াদ নবায়নে আটাবের সদস্যপদ নিতে হবে।
পর্যটক বিষয়ে সঠিক তথ্য সংগ্রহ ও পর্যটনখাতকে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে এ সিদ্ধান্ত নিয়েছে বলে এতে বলা হয়।
সভায় আটাবের সদস্যপদ, টুরিস্টদের অন অ্যারাইভাল ভিসা প্রদান, হজ্জ্ব ফ্লাইট এবং ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সের জন্য কোড অব কন্ডাক্ট চুড়ান্ত করার বিষয়েও এতে আলোচনা হয়।
আটাবের সভাপতি এএম মোহাইমেন ছালেহ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/১৬৩১ ঘ.
bdnews24