২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দক্ষিণ এশিয়ার নারী সাংসদের সম্মেলন শুরু

উন্নয়ন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের অংশগ্রহন বাড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের নিয়ে রোববার ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 08:39 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নয়ন প্রক্রিয়ায় নারী নেতৃত্বের অংশগ্রহন বাড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ এশিয়ার নারী সংসদ সদস্যদের নিয়ে রোববার ঢাকায় একটি সম্মেলন শুরু হয়েছে। র‌্যাডিসন হোটেলে শুরু হওয়া চারদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের ৬০ জন এবং দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার ৪০ জনসহ প্রায় একশ’ জন নারী সংসদ সদস্য অংশ নিচ্ছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় মার্কিন দূতবাসের চার্জ দি অ্যাফেয়ার্স নিক ডিন বলেন, “এ সম্মেলনের আলোচনার প্রধান ক্ষেত্র হচ্ছে শান্তি, উন্নতি ও গণতন্ত্র। এ সম্মেলনে অংশগ্রহনকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে পারবেন।” ইউএসএআইডি, ইউকেএআইডি ও এশিয়া ফাউন্ডেশনের যৌথভাবে আয়োজিত এ সম্মেলন থেকে নারী সংসদ সদস্যদের জন্য একটি আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং এর জন্য একটি দপ্তর স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১১তম। ১৯৭০ সালে জাতীয় পরিষদ নির্বাচনে সাতজন নারীর বিজয়ী হওয়ার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/এসইউ/১৪৩২ ঘ.