ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে বিচারক নিয়োগকে আরো স্বচ্ছ করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছে সরকার সমর্থক আইনজীবীদের জোট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন উপলক্ষে শনিবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলন ও পরিষদের প্রার্থী পরিচিতি সভায় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম এ দাবি জানান।
নির্বাচন উপলক্ষে লিখিত অঙ্গীকার ও দাবিনামায় তিনি বলেন, উচ্চ আদালতে বিচারক নিয়োগকে আরো স্বচ্ছ ও মানসম্পন্ন করতে পৃথিবীর অন্যান্য দেশে বলবৎ রীতিনীতির আলোকে সৎ, যোগ্য, মেধা-মনন সম্পন্ন উপযুক্ত বিচারক নিয়োগে সংবিধানের ৯৫(গ) অনুচ্ছেদের আওতায় একটি সর্বাঙ্গীন আইন প্রণয়ন জরুরি। তাই একটি আইন প্রণয়নের দাবি উপস্থাপন করা হচ্ছে।
“জুডিশিয়াল সার্ভিসের পাশাপাশি জেলা বারের আইনজীবীদেরকেও নিম্ন আদালতে বিচারক নিয়োগ করতে হবে। সরাসরি ভোটে বার কাউন্সিলের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচিত আসন সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে ৪০ করতে হবে।”
“বার কাউন্সিল পরীক্ষা পদ্ধতির উৎকর্ষ সাধন এবং স্বল্প সময়ে ফল প্রকাশ করতে হবে।”
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বার কাউন্সিলের আসন্ন নির্বাচনে পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন। এবারের নির্বাচনে সমন্বয় পরিষদের প্রার্থীরা হচ্ছেন, সৈয়দ রেজাউর রহমান, আব্দুল মতিন খসরু এমপি, ব্যরিস্টার তানিয়া আমীর, সুব্রত চৌধুরী, মো. আবদুল্লাহ আবু, মো. জাহেদুল বারী ও মো. মাহবুব আলী।
এছাড়া গ্রুপ ভিত্তিক আসনে খোন্দকার আবদুল মান্নান (গ্রুপ এ), এইচআর জাহিদ আনোয়ার (গ্রুপ- বি), এ এম আনোয়ারুল কবির (গ্রুপ- সি), শান্তিপদ ঘোষ (গ্রুপ -ডি), এম এম মুজিবুর রহমান (গ্রুপ -ই), সিরাজ-উল আলম (গ্রুপ -এফ), মো. আব্দুল গণি (গ্রুপ -জি)।
এনিয়ে তিন বার প্যানেলে পরিবর্তন আনলো সরকার সমর্থক আইনজীবীদের এই জোট।
এদিকে বিরোধী জোট সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, ওই প্যানেল থেকে গত ২৮ মে ঘোষিত প্রার্থীরাই চূড়ান্ত।
নির্বাচনে সাধারণ সাতটি সদস্যপদে বিএনপি সমর্থক প্রার্থীরা হচ্ছেন, খন্দকার মাহবুব হোসেন, গিয়াস উদ্দিন আহম্মেদ, নিতাই রায় চৌধুরী, মো. সানাউল্লাহ মিয়া, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন এমপি ও শেখ মোহাম্মদ আজাদ।
গ্রুপ আসনে বিরোধী জোট সমর্থক প্রার্থীরা হচ্ছেন, গোলাম মোস্তফা খান (গ্রুপ- এ), মোহাম্মদ আব্দুল বাকী মিয়া (গ্রুপ -বি), মো.কবির চৌধুরী (গ্রুপ -সি), মো.কাইমুল হক (গ্রুপ -ডি), আব্দুল মালেক (গ্রুপ -ই), মো.ইসহাক (গ্রুপ -এফ), এ কে এম হাফিজুর রহমান এমপি (গ্রুপ -জি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৮০২ ঘ.
bdnews24