ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল ও বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়।
নিহতরা হলেন, ট্রাক চালক শরীফ (৩৫) ও অজ্ঞাতনামা এক বাস যাত্রী।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ি ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা আমভর্তি একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতনামা এক বাস যাত্রী মারা যান।
এদিকে বরিশালের হিজলায় মোটরসাইকেল চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার ওয়াপদায় মোটরসাইকেল চাপায় নিহত কহিনূর বেগম (৫০) গুয়াবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাক সিকদারের স্ত্রী।
হিজলা থানার উপ-পরিদর্শক শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তায় একটি মোটর সাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান কহিনূর বেগম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬২২ ঘ.
bdnews24