রংপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দীপ কেন্দ্র নাথ দাসের বদলির আদেশ বাতিলের দাবিতে রংপুর শহরের প্রধান সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
এ দাবিতে কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের তৃতীয় দিন শনিবার দুপুরে শহরের প্রধান সড়ক অবরোধ করলে এক ঘণ্টা সব যান চলাচল বন্ধ থাকে।
গত বুধবার সকাল থেকে কলেজের সব ভবনে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বর্তমান অধ্যক্ষ কলেজে যোগদান করার পর ইসলামী ছাত্রশিবিরের কর্মকাণ্ড ক্যাম্পাসে বন্ধ হয়ে যায়।
এই কারণে কলেজে শিবিরের আধিপত্য ফিরিয়ে আনতে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত জামায়াত সংশ্লিষ্টরা অধ্যক্ষকে বদলির ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সদর থানার এসআই কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীরা শহরের লালবাগ এলাকায় শন্তিপূর্ণভাবে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে স্থান ত্যাগ করে।
শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহরের লালবাগ এলাকায় শহরের প্রধান সড়কে অবস্থান নেয়। সেখানে সমাবেশে বক্তৃতা করেন, কারমাইকেল কলেজ ছাত্রলীগের সভাপতি রাফিউল ইসলাম রাছি, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন জুয়েল, ছাত্র সমাজের রফিকুল ইসলাম, শিক্ষার্থী মমতাজ প্রমুখ।
৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষের বদলি আদেশ বাতিল না করা হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুমকি দেয় বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৬ ঘ.
bdnews24