ভোলা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতের হামলায় নিহত হয়েছেন একজন। গুলিবিদ্ধ হয়েছেন ছয় জেলে।
শুক্রবার ভোররাতে মৌলভীর চর এলাকায় নদীতে জেলে নৌকায় ডাকাত দল হানা দেয় বলে তজুমদ্দিন থানার ওসি মো. মাহবুবুর রহমান জানিয়েছেন।
গুলিবিব্ধ হয়ে নিহত জেলে সিরাজের (২৮) লাশ শনিবার সকালে নদীতে পাওয়া যায়। গুলিবিদ্ধ ছয় জেলের মধ্যে তিন জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন সালাউদ্দিন (৩১), আইয়ুব (২৯) ও সুমন (২৭)।
আহত অন্য তিনজন হাফেজ (৩৫), আরিফ (৩২) ও মিরাজকে (৩০) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
হতাহতরা সবাই তজুমদ্দিন উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহত জেলেদের উদ্ধৃতি দিয়ে ওসি মাহবুব সাংবাদিকদের বলেন, প্রতিদিনের মত জেলেরা মেঘনার মৌলভীর চর সমীনায় মাছ ধরছিল। রাত ২টার দিকে জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালায়।
“জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দস্যুরা জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এতে সাত জেলে গুলিবিদ্ধ হয়। এর মধ্যে সিরাজ নদীতে পড়ে যায়। আজ সকাল ১১টার দিকে মেঘনায় তার লাশ পাওয়া যায়,” বলেন ওসি।
এদিকে নৌকায় ডাকাতদের হামলার পর স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৮ ঘ.
bdnews24