জয়পুরহাট, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত জুয়েল নিজেও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
পুলিশ বলছে, প্রতিপক্ষ দলের সন্ত্রাসীরা শুক্রবার রাতে হামলা চালিয়ে জুয়েলকে হত্যা করে।
হামলায় জুয়েলের পাঁচ সঙ্গী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে ঢাকা পাঠানো হয়েছে।
নিহত জুয়েল জেলা শহরের দেবীপুর এলাকার ময়েন উদ্দিনের ছেলে। সন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে বলে সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, জুয়েল ও তার সহযোগীরা রাতে শহরের নতুন হাট এলাকায় আড্ডা দিচ্ছিল। ওই সময় অন্য একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিতে হামলা করে জুয়েলকে জবাই করে এবং তার পাঁচ সহযোগীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
ছয়জনকে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টুটুল, পারভেজ ও খায়রুলকে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সকালে তাদের ঢাকায় পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে নতুন হাট এলাকায় জুয়েলের সঙ্গে অন্য দলের বিরোধ ছিল। তার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৫ ঘ.
bdnews24