চট্টগ্রাম, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র ডাকাত দলের পাঁচ সদস্যকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
কোতোয়ালী থানাধীন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হল- ডাকাত দলের প্রধান মো. ইসলাম ওরফে বেদী ইসলাম (৪৫), মো. জাহাঙ্গীর (৩০), মো. আবুল খায়ের ওরফে ভুট্টো (৩৩), মো. জাফর (৩৭) ও মো. কামাল (৩০)। তারা সবাই চট্টগ্রামের বিভিন্ন থানার বাসিন্দা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি শ্যুটার গান, দুই রাউন্ড কার্তুজ, কিছু দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত একটি অটো রিকশা।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় ওইসব অস্ত্রসহ সিএনজি চালিত একটি অটো রিকশা উদ্ধার করা হয় বলে তিনি জানান।
পুলিশের অভিযানের সময় দুটি অটো রিকশায় করে ডাকাত দলের অপর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া ডাকাতরা জিজ্ঞাসাবাদে জানায়, পালিয়ে যাওয়া ডাকাতদের কাছে আরো অস্ত্র ও গুলি রয়েছে।
পরিদর্শক বলেন, সশস্ত্র ডাকাত দলের প্রধান বেদী ইসলাম নগরীর বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১৫০ ছিনতাই ও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১৫৬ ঘ.
bdnews24